Sylhet Today 24 PRINT

লায়লা আক্তারের ধর্ষণ মামলায় টিকটকার মামুন কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২৪

ধর্ষণের অভিযোগে মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মামুনুর রশীদ মঙ্গলবার এই আদেশ দেন।

সূত্র জানায়, লায়লা আক্তার ফারহাদ নামে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করে ঢাকার ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে মামুনের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি শাহীনুর রহমান জানান, রোববার এই থানায় মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ মামুনকে গ্রেপ্তার করে।

মামলার বাদীর অভিযোগ, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় তার বাসায় উঠেছিলেন।

২০২২ সালের ৭ জানুয়ারি থেকে মামুন তার বাসায় থাকতে শুরু করেন জানিয়ে ওই নারী দাবি করেন, এই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মামুন একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সবশেষ ১৪ মার্চ শারীরিক সম্পর্কের পর বিয়ের বিষয়ে কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন বলে বাদী মামলায় অভিযোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.