Sylhet Today 24 PRINT

ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০২৪

চলছে বর্ষা মৌসুম, বাড়ছে আষাঢ়ে ঢলের শঙ্কা। এর মধ্যেই আগামীকাল সোমবার ঈদ পালন হবে বাংলাদেশে। ঈদের জামাত কিংবা পশু কোরবানির সময় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে।

শনিবার আবহাওয়া অফিসের দেওয়া একটি পূর্বাভাসে বলা হয়েছে ঈদের আগের দিন রোববার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় এই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

সাধারণত ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি ধরনের এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার রেকর্ড হলে তাকে বলা হয় ভারী বৃষ্টিপাত।

আর বৃষ্টিপাতের পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে বলা হয় অতি ভারি বর্ষণ।

শনিবার ৭২ ঘণ্টার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আরও ৫ দিনের অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে ঈদের পরপরই সারাদেশে বৃষ্টি হবে।

ভারি বৃষ্টিপাতের এই প্রবণতা অন্তত আগামী শনিবার অর্থাৎ ২২ জুন পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.