Sylhet Today 24 PRINT

জলমগ্ন নগরে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৪

ভারি বৃষ্টিতে সিলেট নগরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরের বেশির ভাগ এলাকা। ঈদের সকালে এমন পরিস্থিতি দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

জলাবদ্ধতার কারণে নগরের অনেক ঈদগায়ের ঈদের জামাত পেছানো হয়েছে। বাসা বাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কোরবানি নিয়ে বিপত্তি পড়েছেন নগরবাসী।

এদিকে পাহাড়ি ঢলে নগরের বাইরে উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষত সুনামগঞ্জ শহরে ঢুকে পড়েছে বন্যার পানি।

রোববার রাত থেকেই সিলেটে ভারি বৃষ্টি হচ্ছে। যা সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে সিলেট নগরের অর্ধেকের বেশি এলাকা জলমগ্ন হয়ে গেছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানিতে ডুবে আছে নগর। পানিতে নিমজ্জিত হয়ে আছে অনেক এলাকার মসজিদ ও ঈদগাহ।

সোমবার ভোরে নগরের বিভিন্ন এলাকা ঘুরে ও বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে এমনটা জানা যায়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু বলেন, ‘রোববার রাতেই আমার ওয়ার্ডের তালতলা, মাছুদিঘীর পাড়, জামতলা, মনিপুরী রাজবাড়ী, রামের দিঘীরপাড়, খুলিয়া পাড়া, তোপখানাসহ প্রায় সব এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

নগরের বনকলা পাড়া এলাকার আব্বাসী জামে মসজিদে পানি ঢুকে পড়েছে। এই মসজিদে সকালে ঈদের জামাত হওয়ার কথা ছিল। সকাল থেকে স্থানীয়রা মসজিদ থেকে পানি বের করার চেষ্টা করছেন।

নগ‌রের বিভিন্ন এলাকা ডু‌বে যাওয়ায় হযরত শাহজালাল (র.) মসজিদ ঈদের বিশেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরগার খাদেম মুখ‌তি আব্দুল খা‌বির।

নগরের বালুচর এলাকার বাসিন্দা ফজলুর রহমান নোমান বলেন, ‘বাসায় পানি ঢুকে পড়েছে। রাস্তাঘাটও পানির নিচে। এ অবস্থায় কোরবানি কীভাবে দেব বুঝতে পারছি না। এলাকার সবাই এনিয়ে দুশ্চিন্তায় আছেন।’

এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপ‌র দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিতে তলিয়ে গেচগে সুনামগঞ্জ পৌর শহ‌রের বেশ কয়েকটি এলাকার। এসব এলাকার বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে।

এছাড়াও জেলার ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর ও তা‌হিরপুর উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছে। জেলার অন্তত শতা‌ধিক অভ্যন্তরীণ সড়ক ত‌লিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বা‌সিন্দারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.