Sylhet Today 24 PRINT

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রশ্ন ফাঁসের গুজব

সিলেটটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায়। এ ধরনের দুষ্টু চক্র নিজেদের বানানো প্রশ্নপত্র ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে, তাদের মনোবল নষ্ট করে দিয়ে পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী। চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো অশুভ চক্রের পরিচালিত পরীক্ষার পরিবেশ ব্যাঘাতকারী প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষামন্ত্রী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বানও জানান।

একইসঙ্গে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন মন্ত্রী।

কোচিং সেন্টারসহ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালাতে পারে এমন সব চক্রকে কঠোর নজরদারিতে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন মন্ত্রী নাহিদ।

সভায় শিক্ষা সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ৩২০৩টি কেন্দ্রে ১৬ লাখ ৬৯ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

উল্লেখ্য, প্রত্যেকটি বিষয়ে পরীক্ষায় প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মাঝে ১০ মিনিটের ব্যবধান থাকবে। এর আগে, সৃজনশীল পরীক্ষার পর বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.