Sylhet Today 24 PRINT

ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০২৪

সাজা কখনো স্থগিত হয় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাই কোর্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের একটি মামলার রায়ে দেওয়া পর্যবেক্ষণে এ কথা বলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ।

বুধবার (২ জুলাই) ড. ইউনূসের ৬ মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেন হাই কোর্ট। একইসঙ্গে ওই মামলা দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

৫০ পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সাজা কখনো স্থগিত হয় না।

গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়।

গত ২৮ জানুয়ারি রায় চ্যালেঞ্জ করে ড. ইউনূসসহ চার জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। ওই দিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

৫ ফেব্রুয়ারি ড. ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেন হাই কোর্ট। পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন।

গত ১৮ মার্চ ড. ইউনূসের ৬ মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করেন হাই কোর্ট। ফলে ড. ইউনূসের ৬ মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে বলা হয়।

এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন ড. ইউনূস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.