Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে ২ শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৪

নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সুবিধা পুনর্বহাল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।

রিটকারীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, চেম্বার বিচারপতি এ আবেদনের ওপর শুনানি করতে পারেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হকের মাধ্যমে রিটটি দায়ের করেন।

এদিকে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দিন ধার্য করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ জুন নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাই কোর্ট।

ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান বলেছিলেন, হাই কোর্টের রায়ের পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা বহাল রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.