Sylhet Today 24 PRINT

কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে দেওয়া বক্তব্য বিকৃতি করা হয়েছে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৪

কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য  দিয়েছি তা বিকৃতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর রামপুরায় অবস্থিত বিটিভি ভবন কার্যালয় পরিদর্শনে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, রামপুরায় ধ্বংসের সাথে জড়িতরা আনাচে-কানাচে ছড়িয়ে আছে, সেইসব হামলাকারীদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা করতে হবে।

দেশের সম্পদ নষ্ট করতে একটি মহল চক্রান্ত করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল বিদেশে অপপ্রচার চালাচ্ছে।

সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি হয়। এ সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.