Sylhet Today 24 PRINT

নাহিদসহ ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২৪

নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে এবার হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদাপোশাকের কিছু মানুষ তাদের তুলে নিয়ে যায়।

ডিবিপ্রধান বলেছেন, তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদাপোশাকে আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সমাধান চান আপনারা? মনে রাখবেন, ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা সম্ভব নয়।’

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকেল ৪টার কিছু পরে তাদের (নাহিদ, আসিফ ও বাকের) তুলে নেওয়া হয়। কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে এর আগেও তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, তাদের তিনজনকে নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.