Sylhet Today 24 PRINT

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি খুরশিদ আলম সরকার ও বিচারপতি মো. মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে নামে সারাদেশের শিক্ষার্থীরা। আন্দোলনের ফলে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে তাদেরকে দমন করতে পুলিশ বিভিন্ন সময় গুলি করেছে। পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত হয়েছেন।

এদিকে সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.