Sylhet Today 24 PRINT

সব মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত: হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০২৪

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হাই কোর্ট। হাই কোর্ট বলেছেন, ‘গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।'

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রিটের শুনানি চলছে।

এদিন হাই কোর্ট আরও বলেন, ‌‌‘সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তাতো সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।’

হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.