Sylhet Today 24 PRINT

অফিসের সময়সূচি স্বাভাবিক হলেও, বন্ধই থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০২৪

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে সরকারি ও বেসরকারি কর্মজীবীরা কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে ইউএনবি। তবে কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই রয়েছে।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, সকাল থেকেই সড়কে সব ধরনের যানবাহন চলে। যানজট এড়িয়ে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে ছুটতে দেখা যায় রাজধানীবাসীকে।

ইউএনবির খবরে জানানো হয়, অফিস সময়সূচি স্বাভাবিক হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের মতোই নির্ধারিত স্থানে অবস্থান নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এর আগে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার সব অফিস নিয়মিত সময়সূচি অনুযায়ী চালানোর ঘোষণা দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার থেকে চার দিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে কারফিউ জারি করে সরকার। তারপর এক নির্বাহী আদেশে ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

গত ২৪ জুলাই ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরে ২৮ থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.