সিলেটটুডে ডেস্ক | ৩১ জুলাই, ২০২৪
ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ সকল সামাজিক যোগাযোগের মাধ্যমের বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এর ফলে আজ বুধবার (৩১ জুলাই) বিকেলের মধ্যেই এসব প্ল্যাটফর্ম পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব প্রতিরোধের বিষয়ে পদক্ষেপ নিয়ে মেটার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর প্রতিমন্ত্রী পলক এ সিদ্ধান্ত জানান।
ব্যাখ্যা দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়ের শেষ দিন আজ বুধবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন থেকে প্রতিমন্ত্রী পলক বৈঠকে সংযুক্ত হন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের বিষয়ে আপত্তি জানিয়ে গত ২৮ জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। ৩১ জুলাই তাঁদের প্রতিনিধিদের বিটিআরসিতে সশরীরে হাজির হতেও বলা হয়।