Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল

প্রণয় ভার্মাকে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২৪

সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩১ জুলাই) দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তাকে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, প্রণয় ভার্মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। তারা তো আসলে শ্রীলঙ্কা টাইপ সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা করেছে। তিনি সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন।

এ সময় ভারতের হাই কমিশনার বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক জানান। ধারাবাহিকভাবে পরিস্থিতির স্বাভাবিক হওয়া ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান।

প্রণয় ভার্মা বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে। যা অতীতের অর্জনকে সুসংসহ করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটা ব্লু-প্রিন্ট সৃষ্টি করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সব সময় বাংলাদেশের সরকার ও জনগণের ভিশন, অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।

আঞ্চলিক কানেকটিভি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চার দেশের (বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান) মধ্যে কানেকটিভিটি জোরালো করার জন্য আমার সব দরজা খোলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.