Sylhet Today 24 PRINT

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)।

শুক্রবার (২ আগস্ট) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, ‘সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।’

সঞ্জয় উইজেসেকেরা বলেন, ‘জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এ ছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি। সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ।’

এক সপ্তাহ বাংলাদেশে কাটানোর পর সবেমাত্র ফিরে গিয়েছেন বলে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের ওপর পড়ছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম। প্রাক-প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি শিক্ষার্থী ১০ দিন স্কুলে যেতে পারেনি। চলতি বছরের শুরুতে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছিল, তার সঙ্গে নতুন করে স্কুল বন্ধ হওয়ায় আরও ক্ষতি যুক্ত হয়েছে।’

বাংলাদেশ সরকার, ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে- এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে সঞ্জয় উইজেসেকেরা বলেন, ‘এসব বৈঠকে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের একত্র হওয়া ও শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টির ওপর জোর দিয়েছি। শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হয়, তখন তাদের সুরক্ষা দেওয়া উচিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.