Sylhet Today 24 PRINT

আগরতলা থেকে দিল্লির পথে শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছানোর খবর আসার পর সেখান থেকে তার উড়োজাহাজে দিল্লির পথে রওনা দেওয়ার তথ্য এসেছে।

সিএনএন এর সহযোগী ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন লিখেছে, আগরতলায় পৌঁছানোর পর থেকে বিমানে দিল্লির পথে রয়েছেন শেখ হাসিনা। কিছু সময়ের মধ্যে দিল্লিতে অবতরণ করার কথা তার।

এর আগে বার্তা রয়টার্স বলেছিল, সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকার গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে আগরতলার উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা, সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

আগরতলায় শেখ হাসিনার পৌঁছানোর তথ্য দিয়ে নিউজ এইটিন লিখেছিল, সেখান থেকে তার দিল্লি বা লন্ডন যাওয়ার কথা।

ভারতের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় নিউজ এইটিনের সর্বশেষ খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ওপর দিয়ে উড়ে দিল্লির দিকে আসছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমান।

সংবাদমাধ্যমটি আরও লিখেছে, শেখ হাসিনাদের গন্তব্য লন্ডন। তবে সোমবার রাত হয়ত দিল্লিতে কাটাবেন তারা।

প্রবল গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের উদ্দেশে যাওয়ার খবরের কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা আগরতলা পৌঁছেছেন।

বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লিখেছে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে ভারত।

বিকাল পৌনে ৪টার দিকে সেনাসদরে জনগণের উদ্দেশে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তখন শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য। দিল্লিতে যেতে পারেন হাসিনা। সেখান থেকে যেতে পারেন লন্ডনে।

তবে আনন্দবাজার পত্রিকা কোনো সূত্রকে উদ্ধৃত করেনি।

সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.