Sylhet Today 24 PRINT

আপিল বিভাগের ৪ বিচারপতির শপথগ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২৪

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চারজন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। 

গতকাল সোমবার রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এই চার বিচারপতিকে নিয়োগ দেন।

আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাহাদের শপথগ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।

এই চারজনকে নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ এখন বিচারপতির সংখ্যা দাঁড়াল ছয়জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.