সিলেটটুডে ডেস্ক | ১৬ আগস্ট, ২০২৪
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি মোদিকে বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।
শুক্রবার এক্সে শেয়ার করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রফেসর মুহাম্মদ ইউনূসের ফোন পেয়েছি। বিদ্যমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ড. ইউনূস বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা, সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদি।
আজ নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার।
দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।