Sylhet Today 24 PRINT

ধানমন্ডির ৩২ নম্বরে মানবাধিকার লঙ্ঘনের স্বীকার করলেন সারজিস

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২৪

ধানমন্ডি ৩২ নম্বরসহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা এবং গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘আমরা ১৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে।’

তিনি বলেন, ‘ভাইরাল ভিডিওতে দেখেছি যে, আমার বাবার বয়সী মানুষদের কান ধরে ওঠবস করানো, বিবস্ত্র করার মতো ঘটনাও ঘটেছে। এছাড়াও অসংখ্য মানুষের ফোন চেক, আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক ভাইবোনদের ওপর হামলার বিভিন্ন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

ছাত্রসমাজ রাস্তায় থাকা কোনো একটি স্থিতিশীল রাষ্ট্রের পরিচয় নয় মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘কাজেই আমরা যদি একটি স্থিতিশীল রাষ্ট্র চাই, তাহলে আমরা মনে করি যার যেখানে দায়িত্ব তাকে অতিসত্বর সেখানে ফিরে যাওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিন ধীরে ধীরে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কিংবা ট্রাফিক সদস্যরা কাজে যোগ দিচ্ছেন। তাই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো যখনি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হবেন সঙ্গে সঙ্গে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে হবে।’

‘আমাদের স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশ, ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রসমাজকে সেখান থেকে সরে যেতে হবে। আপনাদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাসে ফিরে যেতে হবে,’ যোগ করেন সমন্বয়ক।

সারজিস স্পষ্ট করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কোনো একজন অধ্যাপককে জোর করে নামিয়ে দেবে। আমরা এগুলো সমর্থন করি না। আমরা কোনো অথরিটি নই। আমরা একটি প্রেশার গ্রুপ দুর্নীতিবাজ বা ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য আমরা দাবি তুলতে পারি, কিন্তু এটি করতে বাধ্য করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন খবরও পেয়েছি যে, উত্তরা ১২ নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে, যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে। অথচ আমরা আমাদের জায়গা থেকে শুধু বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি দিয়েছিলাম। ব্যক্তিগত উদ্দেশ্য এবং কিছু রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই মানুষগুলো এমন কিছু কাজ করছে, যা অপ্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার একটি স্থিতিশীল অবস্থায় আসার পর আমরা এই প্ল্যাটফর্মটির বিষয়ে সিদ্ধান্ত নেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.