Sylhet Today 24 PRINT

শুরুতেই হোঁচট খেলো উদ্বিগ্ন নাগরিক সমাজ, উদ্দেশ্য নিয়েও সন্দেহ

না জানিয়ে ১৩ জনের কমিটিতে নাম দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। ফলে কমিটির বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে

ডেস্ক রিপোর্ট |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

সংলাপের আহ্বান জানিয়ে চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার কাছে চিঠি দেওয়ার পর পরই সুশীল সমাজের অংশ হিসেবে রাজনীতিবিদ কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার নাম থাকার পর সমালোচনা শুরু হলে ‘উদ্বিগ্ন নাগরিক’ নামক যে কমিটি গঠন করেন এ টি এম শামসুল হুদা সেখানে না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করার সমালোচনার প্রেক্ষিতে শুরুতেই হোঁচট খেলো উদ্বিগ্ন নাগরিক কমিটি। প্রশ্ন উঠেছে সততা এবং কমিটি গঠনের উদ্দেশ্য নিয়েও। 

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সংলাপের আহ্বান জানিয়ে ‘উদ্বিগ্ন নাগরিকদের’ কমিটির প্রকাশের পরপরই তাদের একজন এই প্রক্রিয়ায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেছেন, তার সঙ্গে আলোচনা না করেই তার নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতিতে ‘উদ্বিগ্ন নাগরিকদের’ পক্ষে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও সিএম শফি সামি, আইনজীবী শাহদীন মালিক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।

সাবেক সিইসি হুদাকে আহ্বায়ক করে বাকি সদস্যরা হলেন- সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান, ড. জামিলুর রেজা চৌধুরী, আকবর আলি খান, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ ও ব্যবসায়ী নেতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।

ওই সংবাদ সম্মেলনে ১৩ জনের মধ্যে পারভেজসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন। তবে সবার সঙ্গে কথা বলেই কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন শামসুল হুদা।

অনুপস্থিতদের মধ্যে জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে কথা বলা হলে তিনি তার সম্মতি নেওয়ার কথা জানালেও পারভেজ বলেন ভিন্ন কথা। বিজিএমইএ’র সাবেক এই সভাপতি জানান- “আমি তো কিছুই জানি না। কোথা থেকে আমার নাম পেলেন।”

শামসুল হুদা সংবাদ সম্মেলনে নিজেই এই নাম প্রকাশ করেছেন বলে জানানো হলে তিনি বিরক্ত কণ্ঠে বলেন, “উনাকে জিজ্ঞাসা করেন, উনি কোথা থেকে আমার নাম পেয়েছেন। “আমার সঙ্গে এই বিষয়ে কারও সঙ্গে কোনো সময় আলাপ হয়নি। আমি তো ভাই নিরিবিলি মানুষ। শুধু শুধু আমার নাম কেন জড়ানো হল? বিতর্কিত কোনো বিষয়ে আমি কোনোদিন যাইনি, কখনও যাবও না,” বলেন পারভেজ।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের লাগাতার অবরোধ এবং সেই দাবি না মানতে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনড় অবস্থানের মধ্যে শামসুল হুদারা সংলাপের আহ্বান জানিয়ে এই উদ্যোগ নেন।

গত এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধে নাশকতার উদ্বেগ জানিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে আলোচনার প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছেন।

গত শনিবার ‘জাতীয় সংলাপের’ উদ্যোগ প্রক্রিয়া নিয়ে এক গোলটেবিল আলোচনার ধারাবাহিকতায় ‘উদ্বিগ্ন নাগরিকদের’ এই সংবাদ সম্মেলন হয়।

ওই গোলটেবিলের নেতৃত্ব দেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও ছিলেন ওই আলোচনায়।

সংলাপের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে গত সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দেওয়ার মাধ্যমে আলোচনায় আসে নাগরিক সমাজের এই অংশটি। তবে আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের অস্বীকার শুরুতেই বেকায়দায় ফেলে দিলো উদ্বিগ্ন নাগরিক সমাজ এবং একই সাথে উদ্দেশ্য সম্পর্কেও প্রশ্নের জন্ম নিলো!

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.