Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ ও জ্বালানির দাম আপাতত বাড়ছে না

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২৪

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও জ্বালানি সচিব মো. নূরুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিকগুলোতে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে। ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে। এমতাবস্থায়, উক্ত ধারার অধীনে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে একই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর কার্যক্রম প্রায় ১৪ বছর পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের অধীন চলমান সব ধরনের নেগোসিয়েশন, প্রকল্প বাছাই বা প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে এই আইনের অধীন ইতোমধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সব কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.