Sylhet Today 24 PRINT

১৭ বছর পর খুলল খালেদা জিয়ার ব্যাংক হিসাব

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব দীর্ঘ ১৭ বছর পর সোমবার খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া ও শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনার হিসাব খুলে দেয়া হলেও খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব জব্দ অবস্থায়ই রাখা হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

কর কর্মকর্তারা বলছেন, পুরনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপরও ব্যাংকগুলো হিসাব অবমুক্ত করেনি।

অবশেষে খালেদা জিয়ার সব হিসাব খুলে দেয়ার জন্য সোমবার সব ব্যাংককে চিঠি দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.