Sylhet Today 24 PRINT

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২৪

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌ পরিবহন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.