Sylhet Today 24 PRINT

বর্ষবরণে যৌন নিপীড়ন: আটক কামাল দুই দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৬

গত বছরের পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণ উৎসবে টিএসসিতে নারী নিপীড়নের ঘটনায় ভিডিও ফুটেজে দেখে শনাক্ত করে গ্রেপ্তার হওয়া যুবক কামাল উদ্দিনকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ সেই আবেদনের শুনানি করে কামালকে দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন পুলিশকে।

বুধবার (২৭ জানুয়ারি) রাতে রাজধানীর চকবাজার এলাকার এলাকার ৭৭ নম্বর বাসা থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (ডিবি দক্ষিণ) বিভাগে খালেদ মাসরুকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কামাল ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে।

গত বছরের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কতিপয় বখাটে যুবক কর্তৃক নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৮ জন নারী লাঞ্ছনাকারীকে শনাক্ত করে। পরে ওই ৮ জনকে গ্রেপ্তারের জন্য পুলিশের মহাপরিদর্শক সকলের কাছে তাদের ব্যাপারে তথ্য দেয়ার আহ্বান জানান।

এমনকি তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। তবে দীর্ঘদিন ধরে তাদের কাউকে আটক করতে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ।

গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায়, এডিসি মো. রাজিব আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.