Sylhet Today 24 PRINT

দাগি অপরাধীরা কেন ছাড়া পাচ্ছে, প্রশ্ন উপদেষ্টার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

দাগি অপরাধীরা কেন ছাড়া পাচ্ছে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

সুইডেন আসলামের মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তিনি ছাড়া পেলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে হাসান আরিফ এমন মন্তব্য করেন।

শ্রমিক আন্দোলনের বিষয়ে তিনি বলেন, এখন যারা ভাঙচুর করছে, তারা শ্রমিক নয়, তারা বহিরাগত। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে জানিয়ে তিনি আরও বলেন, শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। শ্রমিক আন্দোলন বন্ধে বাহিনী ব্যবহার করা হবে।

এসময় পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের মুখে অন্তত ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বেশ কয়েকটি স্থানে আজ পোশাকশ্রমিকেরা আন্দোলনে নেমেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.