Sylhet Today 24 PRINT

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে : প্রণয় ভার্মা

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ বড় বিনিয়োগের ক্ষেত্র। শিল্প-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে কাজ করবে ভারত।”

ভারতের হাইকমিশনার বলেন, “আমরা বড় প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। আশুগঞ্জ ও আখাউড়া প্রকল্পসহ কোনো প্রকল্প স্থগিত হয়নি।”

প্রণয় ভার্মা বলেন, “ভারত থেকে যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে।”

এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে কোনো কাজ থেমে নেই। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বেশকিছু বড় বড় প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.