Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে সভাপতির পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডা. এম এ ফয়েজ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সচিব বরাবর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামো শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি মাসের ৩ তারিখ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজকে।

যা ছিল বিশেষজ্ঞ প্যানেলের কার্যপরিধি :

১. দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতি-নির্ধারণ;

২. সকল স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চ শিক্ষাকে আধুনিকায়নের বিষয়ে পরামর্শ প্রদান;

৩. নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও কার্যকর;

৪. স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের (System Strengthening) মাধ্যমে সকল স্বাস্থ্য কেন্দ্রে জনবল ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতি-নির্ধারনী ও কাঠামোগত সংস্কার সম্পর্কিত পরামর্শ প্রদান;

৫. দেশের প্রধান প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন- BMDC, BMRC, BNMC-সহ অন্যান্য প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণের বিষয়ে পরামর্শ প্রদান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.