Sylhet Today 24 PRINT

১৫৪ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২৪

আফ্রিকার লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরতে আগ্রহী এমন ১৫৪ বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় বুরাক এয়ারের (ইউজেড ২০২২) একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আইএমওর পক্ষ থেকে এসব বাংলাদেশি নাগরিককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

আরও জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এবং আইএমও একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থকে ঢাকায় ফেরানো হয়।

সে সময় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টে জানানো হয়, ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৩৯০ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ত্রিপোলি ও বেনগাজি শহরের বিভিন্ন বন্দিশিবিরসহ বিচ্ছিন্ন স্থানে আটক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.