Sylhet Today 24 PRINT

২ হাজার ৪২০ টন ইলিশ যাবে ভারতে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আটটি শর্তে ৪৯টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কথা ছিল মোট ৩ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

এখন ২ হাজার ৪২০ টন ইলিশ যাবে ভারতে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রপ্তানির খবরে ইলিশ দাম বেড়ে যাওয়ায় আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৪৯টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন ও পুরোনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই-বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত। শর্তে বলা হয়েছে, অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

যেসব শর্ত দিয়ে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, এবারও সেগুলোই রাখা হয়েছে। শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান (কনসাইনমেন্ট) শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.