Sylhet Today 24 PRINT

আমি কি ভোটে দাঁড়ানোর লোক, প্রশ্ন মুহাম্মদ ইউনূসের

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর দেশের দায়িত্বভার গ্রহণ করে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। তবে কবে নাগাদ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ড. ইউনূস প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে জনসাধারণের কৌতূহল আছে।

সম্প্রতি সেই বিষয়টি খোলাসা করেছেন ড. মুহাম্মদ ইউনূস নিজেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তাঁর নেই।

নিউইয়র্কে অনুষ্ঠিত এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত সামিটে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তাঁর নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি ভোটে দাঁড়ানোর লোক?’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশ বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

অপরদিকে, ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন তাঁকে প্রত্যর্পণ করা হবেন না? যদি তিনি অপরাধ করে থাকেন, তবে অবশ্যই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.