Sylhet Today 24 PRINT

জুলাই-আগস্ট বিপ্লবের হতাহতদের তিতুমীরের সঙ্গে তুলনা মাহমুদুর রহমানের

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজ থেকে ২০০ বছর পরও আবু সাঈদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, যারা জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তুরস্ক থেকে দেশে ফিরে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসব কথা বলেন তিনি।

ড. মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শহিদদের আমরা কখনো ভুলব না। আজ থেকে ২০০ বছর পরও আবু সাঈদ, মুগ্ধসহ যারা এই আন্দোলনে শহিদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ। তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না।

তিনি বলেন, আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছে। আমার বয়স হয়ে গেছে। তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনো আছে। জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব। বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান।

আওয়ামী সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়।

দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.