Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবার তার মরদেহ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তার নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫৩ সালের ২৯ নভেম্বর ফুলবাড়ী উপজেলার জামগ্রামে জন্মগ্রহণ করেন ফিজার। ৮ বার একটানা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এই নেতা।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথম দিনাজপুর-৫ থেকে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালেও তিনি এমপি নির্বাচিত হন।

২০০৯ সালে নবম সংসদে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দশম সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.