Sylhet Today 24 PRINT

নিরাপত্তারক্ষীসহ কর্মকর্তাদের কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা ছিনতাই

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে ও আনসার সদস্যসহ দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর স্টেডিয়ামসংলগ্ন রথখোলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন করা হয়। সারা দিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশাযোগে আনসার ও দুজন কর্মকর্তা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে। পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে ৭ লাখ ৮ হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল-আমিন আহত হয়েছেন। তাদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.