Sylhet Today 24 PRINT

সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।
 
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
 
তিনি বলেন, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় মুহিবুর রহমান এজাহারভুক্ত আসামি।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে তাঁর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তিনি সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আজ সকালে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.