Sylhet Today 24 PRINT

মালয়েশিয়া ইমিগ্রেশনে ৪ ঘণ্টা আটকে ছিলেন আজহারি

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৪

আলোচিত-সমালোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আজহারিকে দেশটিতে প্রবেশ করতে দেয় মালয় ইমিগ্রেশন পুলিশ।

গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন আজহারির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

এরআগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারি। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারির বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনো দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। এ কারণে তাকে আটকে দেয় পুলিশ।

শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেওয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারির ইমিগ্রেশন সম্পন্ন হয়।

এর আগে আজহারিকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন এ ইসলামি বক্তা। ফেসবুকে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল।

তিনি আরও লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরব ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে চার বছর পর গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারি। তবে ৯ দিনের মাথায় ফের মালয়েশিয়ায় উদ্দেশে রওনা দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.