Sylhet Today 24 PRINT

আজ মহানবমী

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। নবমীর সন্ধ্যাবেলা দেবীর ‘মহা আরতি’ হয়ে থাকে। নবমীতেও কুমারী পূজার প্রচলন রয়েছে। এ ছাড়া নবমী পূজার বিশেষত্ব হলো হোম-যজ্ঞ অনুষ্ঠান। আজকের রাতটা কেটে গেলেই দশমী।

এদিকে প্রতিবছরের মতো এবারও গতকাল শুক্রবার সারাদেশে বড় পরিসরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শাস্ত্র মতে, মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারী পূজার শিক্ষা। যে ত্রিশক্তিতে বিশ্ব-ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি ও লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারীতে বীজ আকারে আছে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মানুসারীরা। এই বিশ্বাসেই তারা কুমারীকে দেবী দুর্গা হিসেবে আরাধনা করেন।

সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর আগে নিজের স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে যে পূজা করেছিলেন, তারই ধারাবাহিকতায় উপমহাদেশের মিশন ও মঠগুলোতে কুমারী পূজা হয়ে আসছে। পূজার আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা ও অলংকারে সাজানো হয় দেবীরূপে। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রপাঠ আর স্তুতিতে তার বন্দনা করা হয়।

সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

পঞ্জিকা মতে, এবার মহানবমী পূজার পরই দশমীর বিহিত পূজাও হবে। তবে বিজয়া দশমী উদযাপন হবে রোববার। ওইদিন বিকালে প্রতিমা বিসর্জনের জন্য বিজয়ার শোভাযাত্রা বের করা হবে।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে। গতবছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.