Sylhet Today 24 PRINT

মার্কিন নির্বাচনী ফলাফলে বাংলাদেশের দুশ্চিন্তা নেই: দেবপ্রিয়

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২৪

মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই বলে মন্তব করেছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (৬ নভেম্বর) সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেবপ্রিয় বলেন, বর্তমান বিশ্বের যে জটিল পরিস্থিতি রয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফল আরও সুদূরপ্রসারী প্রভাব রাখবে বলে মনে করি। আমরা বাংলাদেশের মানুষ বহুদিন ভোট দিতে পারিনি বিভিন্ন কারণে। সেহেতু অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই। কীভাবে একটি সাবলিল পরিস্তিতিতে একটি নির্বাচনী প্রতিযোগিতামূলক পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি হয়। কীভাবে এই নির্বাচন ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করেন, যারা দেখভাল করেন তারা কীভাবে আচরণ করেন এবং নির্বাচনের ফলাফল পাওয়ার পরে মানুষ এটাকে কীভাবে গ্রহণ করে সবগুলো বিষয়েই আমাদের শিক্ষণীয় আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কারণে এবারের মার্কিন নির্বাচনের ফলাফল আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের উপর নির্ভর করে না। এখানে বহুবিধ কারণ রয়েছে, আমাদের বাণিজ্যিক, কৌশলগত, ভূ-রাজনৈতিকসহ অনেক বিষয় এখানে আছে। শুধুমাত্র প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেলেই একদিনে এটা বদল হয়ে যায় না। সুতরাং এই ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.