সিলেটটুডে ডেস্ক | ০৮ নভেম্বর, ২০২৪
পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এ ছাড়া কমিশনের আরও ৫ সদস্য পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীরা হলেন বর্তমান কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড. বিশ্বজিৎ চন্দ এবং সদস্য ড. তানিয়া হক।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ড. তানিয়া হক।
রাষ্ট্রপতি বরাবর দেওয়া পদত্যাগপত্রে ড. কামাল উদ্দিন আহমেদ উল্লেখ করেন, আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে উল্লেখ করছি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশে আজ ৭/১১/২৪ তারিখ, আমি আমার পদত্যাগপত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক আপনার নিকট দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগপত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।
২০২২ সালের ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তার আগে তিনি ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. কামাল উদ্দিন আহমেদ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি যুক্তরাজ্য থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ও নিউজিল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।