Sylhet Today 24 PRINT

ডোনাল্ড ট্রাম্প নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৪

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ অভিমত ব্যক্ত করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আগে থেকে কোনো কিছু স্পেকুলেট (অনুমান) করার প্রয়োজন নেই। আমরা আরও দুই মাস দেখি, সময় তো রয়েছে। তারপর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, এরপর উনি কী কী পদক্ষেপ নেন, সে অনুযায়ী…। উনি তো (ট্রাম্প) বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে অথবা খারাপ হবে, কিছুই বলেননি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে দলের ভিত্তিতে হয়, তা তো না। যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে আলাপ চলছিল, তাদের যে চাওয়া ছিল, দেনদরবার হচ্ছিল, সেগুলো কিন্তু পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনের নীতিতে বাংলাদেশ নিয়ে বড় কোনো পরিবর্তন দেখা যাবে। তিনি বলেন, ‘আমরা দেখি, তারপর যোগাযোগের চেষ্টা করব, তারপর দেখা যাবে।’

জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন নিয়ে সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সম্মেলনে বাংলাদেশ তার অবস্থান আবারও পরিষ্কার করেছে, আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। সেই সঙ্গে বাংলাদেশ এটিও বলেছে যে সন্ত্রাসবাদের যে মূল কারণ, সেটি যদি দূর করা না হয়, তাহলে সম্মেলন করে কাজ হবে না। সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাড়ছে, একই সঙ্গে সন্ত্রাসী হামলার সংখ্যাও বাড়ছে। তার মানে যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে, তা কাজে লাগছে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.