Sylhet Today 24 PRINT

সম্প্রীতির দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান সেনাপ্রধানের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৪

কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সেনাবাহিনী প্রধান এ সময় সবাইকে শুভ কঠিন চীবর দান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। একইসঙ্গে সাথে পার্বত্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত সকলকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত। একইসঙ্গে তিনি সম্প্রীতির দেশ গঠনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

পাশাপাশি তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে আগত ঢাকায় বিদেশি মিশনের কূটনীতিকদের ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধান পার্বত্য জেলাসমূহে শান্তি ও সম্প্রীতির উন্নয়ন ঘটিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের সচেষ্ট থাকতে অনুরোধ করেন। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পার্বত্য জেলাসমূহে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় ভাষা, সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পার্বত্য জেলাসমূহে অধিকতর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে স্থানীয় শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে সক্ষম হবে।

তিনি সারা দেশব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীগণ আয়োজিত অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব পালনে সহযোগিতা করায় বুদ্ধিস্ট ফেডারেশনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.