সিলেটটুডে ডেস্ক | ২২ নভেম্বর, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক জায়গায় নতুন একটা চাঁদাবাজ দল আবার আবির্ভূত হচ্ছে। হাটে-বাজারে ইজারাদারদের জুলুম এখনো বন্ধ হয়নি। এ ব্যাপারে সরকারের (অন্তর্বর্তী সরকার) সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘অন্তর্বর্তী সরকারের আশু করণীয়’ প্রস্তাব ১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো?- শীর্ষক এই সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি।
কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেন, ‘দেশে চলমান মব ভায়োলেন্স বন্ধে সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জোর-জবরদস্তির মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’
কতদিনের মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়া প্রয়োজন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শিগগির নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বা পথনকশা না দিলে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের অনাস্থা তৈরি হতে পারে। নির্বাচনব্যবস্থায় যে ধস নেমেছিল, তা মেরামত বা সংস্কার করতে হবে। যথাযথভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনের কাঠামো তৈরি করা এ সরকারের দায়িত্ব।’
দেশের চলমান বিভিন্ন বিষয়ে এক প্রশ্নের উত্তরে এই অর্থনীতিবিদ বলেন, ‘বিভিন্ন জায়গায়, বিভিন্ন গোষ্ঠী তাদের দাবি-দাওয়া নিয়ে উপস্থিত হচ্ছে। তাদের দাবি-দাওয়াগুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। জবরদস্তি কিংবা কেউ আন্দোলন করলেই ট্যাগ লাগানোর প্রবণতা, যা অতীত সরকারের সময়ে ছিল, তা যেন অব্যাহত না থাকে।’
বাংলাদেশে যে বিভিন্ন জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষার মানুষ আছে। তাদের কারও প্রতি যেন কোনো বৈষম্য না হয়, সেটা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেন আনু মুহাম্মদ।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসাইদা সুলতানা, ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা, সিপিডির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আল কাফি, হারুনুর রশিদ, গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক মাহা মির্জা, সীমা দত্ত প্রমুখ।