Sylhet Today 24 PRINT

কারওয়ান বাজার থেকে পুলিশ হেফাজতে সাংবাদিক মুন্নী সাহা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২৪

‘এক টাকার খবর’র সম্পাদক মুন্নী সাহাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে তাকে রাজধানীর কারওয়ান বাজারের সবজি বাজার থেকে তেজগাঁও থানা-পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে যায়।

পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আটকের আগে মুন্নী সাহা গণমাধ্যমকে বলেন, তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক রাখা হচ্ছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হন একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে গত ২১ আগস্ট একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। আর ২৪ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামাল গ্রেপ্তার হন। আর ১৬ নভেম্বর রাতে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.