Sylhet Today 24 PRINT

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এতে হাবিবুর রহমান নামের আরও এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বলেন, ‘নিহত ফায়ার সার্ভিস কর্মী তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানায়। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সোহানুর জামান পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।’

অপরদিকে এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাক চালককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.