Sylhet Today 24 PRINT

সচিবালয়ে প্রবেশে বাধা স্বাধীন সাংবাদিকতার প্রতি আক্রমণ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে অগ্নিকাকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নির্দেশনায় প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সচিবালয়ে ঢালাওভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা স্বাধীন সাংবাদিকতার প্রতি আক্রমণ হিসেবে মনে করছে পরিষদ।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

অপেশাদার সাংবাদিক শনাক্তে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতারও সুযোগ রয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা দেওয়া সারা পৃথিবীতেই স্বাধীন সাংবাদিকতার প্রতি আক্রমণ হিসেবে দেখা হয়।

আওয়ামী লীগ সরকারের সময়েও এমন প্রবণতা দেখা গিয়েছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আর্থিক খাতে যখন ক্রমাগত অনিয়ম চলছিল, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে তখন সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করা হয়েছিল। ওই সব কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের অবস্থান, গণ-অভ্যুত্থানপূর্ব অতীত ওই সময়েও ছিল স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।

সম্পাদক পরিষদ মনে করে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপটি অযৌক্তিক। এছাড়া সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়া একতরফাভাবে অধ্যাদেশ গ্রহণ করা হতাশাজনক এবং কর্তৃত্ববাদী মনোভাবেরও বহিঃপ্রকাশ।

প্রবেশাধিকার বাতিলের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত সাপেক্ষে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ায় থাকা উদ্বেগের বিষয়বস্তু দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.