Sylhet Today 24 PRINT

জানুয়ারিতেও এলপিজির দাম ১৪৫৫ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২৫

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদায়ী ২০২৪ সালের শেষ দুই মাসেও এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম একই ছিল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানুয়ারির জন্য দর ঘোষণা করে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সন্ধ্যা ছয়টা থেকে জানুয়ারির দর কার্যকর হবে।

বিইআরসির নতুন দর অনুযায়ী, মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২১ টাকা ১৯ পয়সা, যা গত মাসে ছিল ১২১ টাকা ২৫ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৮১ পয়সা।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালি কাজে। তবে বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করলেও বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.