Sylhet Today 24 PRINT

সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২৫

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। তার মধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নগরের শিববাড়ি মোড়ের জিয়া হলের সামনে বৃহস্পতিবার বেলা চারটার দিকে ওই ঘটনা ঘটে।

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজসেবা দিবসের কর্মসূচিতে খুলনার সমন্বয়কদের দাওয়াত দেয়া হয়েছিল। সেখানে আন্দোলনে সক্রিয় নন, এমন অনেককে কেউ কেউ সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে এ নিয়ে কেন্দ্রীয় সহসমন্বয়ক এবং খুলনার বিএল কলেজের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বাপ্পী ও খুলনার সরকারি মাজেদ মেমোরিয়াল সিটি কলেজের সমন্বয়ক সাকিব রেজার মধ্যে কথাকাটাকাটি হয়।

পরবর্তী সময়ে দুই পক্ষই দলবল দিয়ে শিববাড়ি মোড়ে উপস্থিত হয়ে আবারও তর্কে জড়িয়ে পড়ে। এর একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হন।

সংঘর্ষে আহত ৯ জনের মধ্যে সরকারি পাইনিয়র মহিলা কলেজের সমন্বয়কারী দিয়া ও মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সমন্বয়কারী সাদিয়া খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সহসমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী বলেন, ‘শিববাড়ি মোড়ে জিয়া হলের ভেতরে বালুর মাঠে কয়েকজন ফ্রন্ট লাইনার্স ছাত্রী ও কয়েকজন ছাত্রের সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে ১০ থেকে ১২জন কে বা কারা এসে আমার বাইকের পেছনে থেকে মারতে থাকে। তারা নারীসহ যোদ্ধাদের ওপরও হামলা করেছে।’

অন্যদিকে সমন্বয়ক সাকিব রেজা বলেন, ‘মূলত সাজেদুল ইসলাম বাপ্পী বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ ছাত্রদের বাদ দিয়ে বিভিন্ন সময় সরকারি প্রতিষ্ঠানে অছাত্র নিয়ে যায়। এই নিয়ে তার সাথে আজকের সমাজসেবা অফিসে আমার এক দফা তর্ক হয়।

‘এরপর আমি শিববাড়ি মোড়ে অবস্থান করলে ওরা বেশ কয়েকজন এসে আবারও এই বিষয় নিয়ে তর্কে জড়ায়। পরে তারা আমাদের ওপর হামলা করে।’

বিষয়টি নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, ‘সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে সেখানে সংঘর্ষ হয়েছে। বিষয়টি নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। কোনো পক্ষ অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.