সিলেটটুডে ডেস্ক | ০৭ জানুয়ারী, ২০২৫
ভারত থেকে ৫ টন জিরা আমদানি করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জিরাভর্তি একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের এটিই প্রথম চালান। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো আখাউড়া বন্দরের আমদানি বাণিজ্য।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। সোমবার মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে ৫ টন জিরা আমদানি করে।
ভারতীয় প্রতিষ্ঠান এমটিই এক্সিম প্রাইভেট লিমিটেড প্রতিকেজি ৩ দশমিক ৪৯ ডলার মূল্যে এসব জিরা রপ্তানি করেছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত। চলতি অর্থবছরে প্রথমবারের মতো জিরা আমদানি হলো।