Sylhet Today 24 PRINT

আন্দোলনে বাড়াবাড়ি করা আইনশৃঙ্খলা বা‌হিনীর সবাইকে ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২৫

জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বা‌হিনীর যেসব সদস্য বাড়াবাড়ি করেছে, গুলি করেছে তাদের সবাইকে ধরা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, নিয়মিত চলছে। তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’

এরকম বিতর্কিত পুলিশ সদস্যদের তালিকা সংবাদমাধ্যমের কাছে আছে বলেও উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।

তাছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, মতিউর, ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে কাজে লাগাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তোলা হচ্ছে। বা‌হিনীটিতে এক লাখের বে‌শি তরুণকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.