Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তিন গ্রামের সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২০ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের হারানো গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলা হয়েছে। এ নিয়ে পরে তিন গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকালে হাওর থেকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়ার ৩ টি গরু হারিয়ে যায়। হারানো গরু খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯ টার দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামে গরুগুলো খুঁজে পান দুদু মিয়া। এসময় হারানো গরু আনতে গেলে চোর সন্দেহ রাজনগর গ্রামের খোরশেদ মিয়ার লোকজন দুদু মিয়ার উপর হামলা করেন। খবর পেয়ে গোতগাঁও গ্রামের কিছু লোক দুদু মিয়াকে উদ্ধারের জন্য গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়া (৬৫), গোতগাঁও গ্রামের ময়না মিয়া (৪৫), জুবেল মিয়া (৩৫), টিপু মিয়া (১৮), শামছু মিয়াকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় ইউপি মেম্বার) মজুমদার আলী বলেন, উভয় গ্রামের মুরুব্বিদের মধ্যে আলোচনা চলছে, আশা করছি সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.