Sylhet Today 24 PRINT

এল নতুন দল ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ‘ফুলকপি’

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৫

উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দলটির প্রতীক ‘ফুলকপি’।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’, নিবন্ধন নম্বর ৫৪।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২০২২ সালের অক্টোবরে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামের নতুন এই দল। দুটি বিষয়ে আপত্তি উল্লেখ করে ২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে আবেদন বাতিল করে। এর বৈধতা নিয়ে ওই বছরই হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২৩ সালের ১৩ জুন হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১২ ডিসেম্বর রায় দেওয়া হয়।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল হয়।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি যোগ দেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

এর আগে, সর্বশেষ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটির প্রতীক হচ্ছে ‘মাথাল’।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির। ইতিমধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে নির্বাচন সংস্কার কমিশন বেশকিছু প্রস্তাব দিয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষেই শুরু হবে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.