Sylhet Today 24 PRINT

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩, উত্তরা থানায় বৈষম্যবিরোধীদের হামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা করেছেন একদল লোক।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত এক সভা থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। হামলার সময় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব মারধরের শিকার হন।

শিক্ষার্থীদের দাবি, তাদের আটক সহপাঠীদের উত্তরা পূর্ব থানায় রাখা হয়েছে। তবে জানা যায়, প্রকৃতপক্ষে তিন শিক্ষার্থীকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে পূর্ব থানার হেফাজতে দেয়। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও থানার গেটে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউ থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আর অভিযানটি চালানো হয় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা-পুলিশের সমন্বয়ে। তাদের গ্রেপ্তার করার পর উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। পরে কিছু লোক উত্তরা পূর্ব থানায় গিয়ে হট্টগোল করেন। পাশাপাশি উত্তরা পশ্চিম থানায় হামলা করা হয়।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পরপরই উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী ও সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে যান। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.